শুরু থেকেই চ্যাম্পিয়ন আর্সেনালকে দমবন্ধ করে রেখেছিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। গতিময় ফুটবল, নিখুঁত ফিনিশিং আর জমাট রক্ষণে পুরো ম্যাচজুড়েই মিকেল আর্তেতার দলকে অস্বস্তিতে রেখেছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত ফলও এসেছে তাদের দাপটেরই প্রতিচ্ছবি—৩-০ গোলের বড় জয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের এই হারে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারাল আর্সেনাল। উল্টো পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে ব্রাইটন। আর্সেনালের পয়েন্ট ১২। ম্যানচেস্টার সিটিরও সমান ১২, তবে তারা একটে ম্যাচ কম খেলেছে।
শুরু থেকেই চাপে পড়ে আর্সেনাল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই চারালাম্বস কোস্তোউলাসের শট কোনোমতে আঙুলের ছোঁয়ায় ঠেকিয়ে দেন দাভিদ রায়া। এরপরও আর্সেনাল নিজেদের ছন্দ খুঁজে পায়নি।
৩১ মিনিটে এগিয়ে যায় ব্রাইটন। কোস্তোউলাসের কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার জোরালো শটে গোল করেন পাসকাল গোস। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই মিডফিল্ডারের গত পাঁচ ম্যাচে এটি চতুর্থ গোল।
বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। পাল্টা আক্রমণ থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন কোস্তোউলাস। প্রথমার্ধে আর্সেনালের তিনটি শটের মাত্র একটিই ছিল লক্ষ্যে, সেটি এসেছিল বুকায়ো সাকার কাছ থেকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনাল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাইটনের রক্ষণ ভাঙতে পারেনি। ৫৭ মিনিটে সেই চেষ্টাও কার্যত শেষ করে দেন চিমা আন্দ্রেস। গোসের নিখুঁত কর্নার থেকে হেডে করেন ৩-০।
এরপরও ব্রাইটনের গোলের সুযোগ এসেছে। ম্যাট ও’রাইলির শট রায়া ঠেকিয়ে দেন, ফিরতি বল থেকে মালিক ইয়ালকুয়ের প্রচেষ্টা লাগে ক্রসবারে। ৩-০ ব্যবধানটাও ম্যাচের পুরো চিত্রটা তুলে ধরছে না। ব্রাইটন পাঁচটি শট লক্ষ্যে রেখেছিল, আর্সেনালের ছিল মাত্র দুটি।





