পটুয়াখালীর গলাচিপায় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বসাক বাজার সংলগ্ন দলুগাজীর মোড়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিল্পী রানী (৪০), বিথী রানী (২০), কাইউম প্যাদা (৫৫) ও জাহাঙ্গীর (৩০)। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে অটোচালক কাইউম প্যাদা তিন যাত্রী নিয়ে গলাচিপার উদ্দেশে রওয়ানা দেন। দলুগাজীর মোড় এলাকায় পৌছলে তালতলী থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই শিল্পী, সাথী ও কাইউমের মৃত্যু হয়। গুরুতর আহত আহত হন অপর যাত্রী জাহাঙ্গীর। অটোরিকশাকে ধাক্কা দিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে আহত হন বাসের ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।





