পণ্যের মোড়কে ‘ফ্রি রেগুলেটর’ থাকার ঘোষণা থাকলেও বাস্তবে তা না পাওয়ার অভিযোগ উঠেছে আরএফএল কোম্পানির ‘ক্লিক ক্যামেলিয়া’ মডেলের ফ্যান নিয়ে। এতে প্রতারিত হওয়ার অভিযোগ করছেন ক্রেতারা।
ভুক্তভোগী এক ক্রেতা জানান, তিনি রাজধানীর গুলশান এলাকা থেকে ‘ক্লিক ক্যামেলিয়া’ মডেলের দুটি ফ্যান ক্রয় করেন। পণ্যের প্যাকেটের গায়ে স্পষ্টভাবে ‘রেগুলেটর ফ্রি’ লেখা থাকলেও প্যাকেট খুলে তিনি কোনো রেগুলেটর পাননি। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি পণ্যের গায়ে লেখা থাকে, তাহলে সেটি ভিতরে থাকবে না কেন? এটি সরাসরি প্রতারণা।”

এ বিষয়ে কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রথমে তারা জানায়, তাদের কোনো পণ্যের সঙ্গে শুরুতে ফ্রি কিছু দেওয়া হয় না। পরে পণ্যের প্যাকেটের ছবি পাঠানো হলে সংশ্লিষ্ট দোকানদারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয় কোম্পানি কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা দাবি করে, যদি কোনো ফ্রি পণ্য থাকে, তা প্যাকেটের ভেতরেই দেওয়ার নিয়ম রয়েছে।
অন্যদিকে, দোকানদারদের দাবি, তারা কোম্পানি থেকে যেমন পণ্য পান, তেমনই বিক্রি করেন। যদি কোম্পানি ফ্রি পণ্য না দেয়, তাহলে তাদের কিছু করার নেই।
এতে করে দোটানায় পড়েছেন সাধারণ ক্রেতারা। কোম্পানি ও বিক্রেতার একে অপরের ওপর দায় চাপানোর ফলে ভুক্তভোগীরা সঠিক সমাধান পাচ্ছেন না। ক্রেতাদের অভিযোগ, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে পণ্য বিক্রি করা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।
এছাড়াও, অনেক ক্রেতা আশঙ্কা প্রকাশ করেছেন যে, পণ্যের মান বা ওয়ারেন্টি সংক্রান্ত সেবাতেও একই ধরনের ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
ভোক্তা অধিকার বিশেষজ্ঞরা বলছেন, পণ্যের মোড়কে যা উল্লেখ থাকবে, তা নিশ্চিতভাবে সরবরাহ করা কোম্পানির দায়িত্ব। অন্যথায় এটি প্রতারণার পর্যায়ে পড়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে দ্রুত তদন্ত ও ভোক্তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।






