সোনারগাঁওয়ে জনবসতিতে চুনা কারখানা, দূষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় জনবসতির মধ্যে একাধিক চুনা পোড়ানোর কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। এসব কারখানার ধোঁয়া ও বর্জ্যে পরিবেশ দূষণের পাশাপাশি নানা ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে এসব কারখানা পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী মো. মোশাররফ হোসেন রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা।

কারখানাগুলো যে জমিতে পরিচালিত হচ্ছে, সেই জমির মালিকানা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধ বা অস্পষ্টতা থাকলেও প্রভাব খাটিয়ে জায়গাটি ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন মামলার ভয়ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা আদায়ের ঘটনাও এলাকায় আলোচিত। তবে এসব অভিযোগের পক্ষে তাঁরা কোনো লিখিত বা নথিভুক্ত প্রমাণ দেখাতে পারেননি।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানাগুলো দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। চুনা পোড়ানোর সময় নির্গত ধোঁয়া ও বর্জ্যে আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাঁদের। জনবসতিপূর্ণ এলাকায় এসব কারখানা পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

এ বিষয়ে কারখানাগুলোর বৈধতা, পরিবেশগত ছাড়পত্র, জমির মালিকানা ও পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে মো. মোশাররফ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন