মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:আসন্ন রমজানকে সামনে রেখে মুক্তাগাছা উপজেলা এলাকায় যানজট নিরসন ও জনশৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র পৌরকর্মচারীদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সড়ক আইনের আওতায় একজনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রকাশ্যে ধূমপানের দায়ে আরেকজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, যানজট নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ইউএনও।








