শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় বিএনপির গণমিছিলে জনতার মহাসমুদ্র

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আর কে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল দুপুরের পর থেকেই শহরে প্রবেশ করতে শুরু করে।

অভূতপূর্ব জনসমাগমে আর কে স্কুল মাঠ কানায় কানায় ভরে ওঠে এবং তা ছাড়িয়ে আব্বাসিয়া আলীয়া মাদ্রাসা পর্যন্ত বিস্তৃত হয়। জায়গা সংকটের কারণে অনেক মিছিল মাঠে প্রবেশের আগেই ফেরত পাঠাতে বাধ্য হন দলীয় নেতাকর্মীরা। নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের ঢলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতীদল, তারেক জিয়া প্রজন্মদল, সমবায় দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, প্রতীকসংবলিত পতাকা, দলীয় পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে গণমিছিলে অংশ নেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে আর কে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকা।
গণমিছিলটি আর কে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সাহেববাজারে গিয়ে শেষ হয়।

গণমিছিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন বাবলু। তিনি বলেন, “আজকের লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে ধানের শীষের জোয়ার উঠেছে। আমি প্রস্তুত আছি, ১২ তারিখের জন্য অপেক্ষায় আছি।”

তিনি আরও বলেন, “আমাদের ভোটারের অর্ধেক নারী। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেড় বছরের মধ্যে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান হবে—এর বড় অংশ মুক্তাগাছায় বাস্তবায়ন করা হবে। মুক্তাগাছার ভরাট হওয়া খাল-বিল ও নদী খনন করা হবে এবং যানজট নিরসনে বাইপাস সড়ক জরুরি ভিত্তিতে সম্পন্ন করা হবে।”

উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, বিএনপি নেতা মাহবুবুল আলম ফরহাদ, পৌর বিএনপির সেক্রেটারি মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সদস্য এটিএম ইলিয়াস এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান খোকন প্রমুখ।

শেয়ার করুন