শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় ১১ দলীয় জোটের নির্বাচনী গণসমাবেশে জনতার ঢল

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রোববার বিকেল ৪টায় মুক্তাগাছা শহরের আর কে হাই স্কুল খেলার মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হন। এতে মাঠ ও আশপাশের এলাকা মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে।

সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী গণমিছিল বের করা হয়। মিছিলটি আর কে হাই স্কুল খেলার মাঠ থেকে শুরু হয়ে ময়মনসিংহ–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১১ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গণসমাবেশে মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. শামছুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আরও বক্তব্য দেন জেলা উলামা বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলা (পশ্চিম) সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের লিয়াজো কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা রেজাউল করিম, মুক্তাগাছা উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ও লিয়াজো কমিটির সদস্য সচিব মাওলানা মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, খেলাফত মজলিশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজউদ্দিন আহম্মদ এবং ১১ দলীয় জোটের মুখপাত্র সাংবাদিক মিজানুর রহমান জুয়েল।

বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন