শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সুপার শপ স্বপ্নের বিরুদ্ধে বেশি দামে পণ্য বিক্রয়ের অভিযোগ, ক্রেতাদের ক্ষোভ

সম্প্রতি বরগুনার পাথরঘাটা উপজেলায় জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্ন–এর একটি আউটলেটে অতিরিক্ত দামে মশার কয়েল বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ক্রেতাদের দাবি, বাজারে যেখানে একটি কয়েলের নির্ধারিত মূল্য ৬০ টাকা, সেখানে স্বপ্নের ওই আউটলেটে একই পণ্য ১০০ টাকায় বিক্রি করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী ক্রেতারা জানান, প্রয়োজনের তাগিদে কয়েল কিনলেও পরে বিল দেখে তারা হতবাক হয়ে যান। অভিযোগ করার পর সংশ্লিষ্ট বিক্রয়কর্মীরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলেও জানান তারা।

স্থানীয় এক ক্রেতা বলেন, “স্বপ্ন একটি পরিচিত ও বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। কিন্তু এভাবে অতিরিক্ত দাম নেওয়া হলে সাধারণ মানুষ প্রতারিত হয়।” অনেকেই এ ঘটনাকে ভোক্তা অধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্বপ্নের জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান ফাইন্যান্স বাংলাকে বলেন, বিষয়টি নিয়ে ক্রেতার সাথে সমাধান হয়েছে। তাছাড়া আমরা পণ্য কোয়ালিটি নিশ্চিত করার পর আউটলেটে যায় । পণ্যের দাম কোম্পানি থেকে নির্ধারিত করা হয়। তাছাড়া বাজারে একই পণ্য নকল থাকার কারণে হয়তো অনেকেই কম দামে বিক্রি করতে পারছে।

স্বপ্নের পণ্যের কোয়ালিটির বিষয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক ক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, স্বপ্ন ব্র্যান্ড হিসেবে বেশি পরিচিত হওয়ার কারণে মানুষ এখান থেকে পণ্য ক্রয় করে । তবে কিভাবে স্বপ্ন সবসময় কিছু পণ্যের উপর দুটি কিনলে একটি ফ্রি এই অফার দিয়ে থাকে। এখান থেকেই মান যাচাই করা যায়। তাছাড়া স্বপ্নের কিছু নিজস্ব পণ্য আছে যেগুলার মান বাজারে থাকা অন্যান্য পণ্যের থেকে অনেক খারাপ।

শেয়ার করুন