বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্র্যাক ব্যাংকের ডিএমডি হলেন মনজুলা মোরশেদ

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে যোগ দিয়েছেন মনজুলা মোরশেদ। সম্প্রতি এই নিয়োগ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকটি। তার নিয়োগ ব্যাংকের ‘পিপল-ফার্স্ট’ কৌশলের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে, যার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের সিনিয়র লিডারশিপ টিম আরও শক্তিশালী হলো।

গত ১ ফেব্রুয়ারি থেকে মনজুলা মোরশেদের নিয়োগ কার্যকর হয়েছে । তিনি ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। টেলিকমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ও এফএমসিজি খাতে মানবসম্পদ এবং সাংগঠনিক নেতৃত্বে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে মনজুলা মোরশেদের। কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা, বৃহৎ পরিসরের সাংগঠনিক রূপান্তর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ-উপযোগী সক্ষমতা গড়ে তোলার বিষয়ে ইন্ডাস্ট্রিতে তিনি বিশেষভাবে পরিচিত।

নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, অভিজ্ঞ এইচআর প্রফেশনাল হিসেবে মনজুলা মোরশেদের নিয়োগ ব্র্যাক ব্যাংকের রূপান্তরমুখী কৌশলগত পরিকল্পনার প্রতিফলন। এই পরিকল্পনার মাধ্যমে আমরা দেশের সবচেয়ে আস্থাশীল, সবচেয়ে উদ্ভাবনী ও সবচেয়ে অন্তর্ভূক্তিমূলক ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে এইচআর স্ট্র্যাটেজি কার্যকরভাবে সামঞ্জস্য করার ক্ষেত্রে তার দক্ষতা ব্র্যাক ব্যাংককে একটি নির্দিষ্ট লক্ষ্যমুখী ও উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করবে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার কাজের অভিজ্ঞতা কর্মসহায়ক সংস্কৃতি গড়ে তোলা, চেঞ্জ ম্যানেজমেন্ট ও ট্যালেন্ট ম্যানেজমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখবে, যা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে মনজুলা মোরশেদ সেকেন্ড মাউন্টেন কনসাল্টিং-এ লিড কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে কৌশলগত মানবসম্পদ বিষয়ে পরামর্শ প্রদান করেন। এর আগে তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে সিনিয়র লিডারশিপ পর্যায়েও দায়িত্ব পালন করেন। তাঁর প্রফেশনাল জার্নির ভিত্তি গড়ে উঠেছে শক্তিশালী একাডেমিক ও এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট অভিজ্ঞতার ওপর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং ইনসিয়াড, লন্ডন বিজনেস স্কুল ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে এক্সিকিউটিভ লিডারশিপ ও অ্যাডভান্সড এইচআর প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

শেয়ার করুন