শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বার্থ রক্ষার জন্য একটি দল ধর্মকে ব্যবহার করছে: তারেক রহমান

নির্বাচনের আগে একটি দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ধর্মকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার(২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরে নির্বাচনী সভায় এই কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জামায়াত আমিরের একটি অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে যে কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায় তারা নির্বাচনে সুযোগ পেলে তাদের আচরণ কী হতে পারে? তারা দেশের স্বার্থ বুঝে না, তারা শুধু নিজের স্বার্থ বুঝে। স্বার্থের প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে।

তিনি আরও বলেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল কীভাবে নারীদের ঘরের মধ্যে আটকে রাখা যায় সে কথা স্পষ্টভাবে বলে দিয়েছে। তারা আরও বলেছে, যেসকল মা-বোনেরা কর্মস্থলে যায় তাদের জন্য এমন একটি শব্দ ব্যবহার করেছে তা আমি উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি। আমাদের নবী করিম (সঃ) এর স্ত্রী খাদিজা (রাঃ) ছিলেন একজন ব্যবসায়ী। আর এদিকে, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের অসম্মানিত করে দেশে ইসলাম কায়েম করতে চায়।’

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গে বলেন, ‘যখন সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে সমালোচনা শুরু হয়েছে তখন বললো আইডি নাকি হ্যাক হয়েছে। অথচ, যারা বিশেষজ্ঞ তারা বলেছে এভাবে আইডি হ্যাক হতে পারে না। এর নির্বাচনের আগে নিজেদের স্বার্থে নেতা থেকে পুরো দল মিথ্যা কথা বলে যাচ্ছে। তার মিথ্যাবাদী। হাজারো-কোটি মানুষের সামনে দাড়িয়েও যারা মিথ্যা কথা বলে তারা আর যাই হোক, এরা কখনো জনদরদী, দেশদরদী হতে পারে না।’

দীর্ঘদিনের অপশাসন পরবর্তী বাংলাদেশ গড়তে নারীদের অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিএনপি কাজ করে শুধু জনগণের জন্য, দেশ পুনর্গঠনের জন্য। দেশকে পুনর্গঠন করতে হলে দল-মত, শ্রেণি-পেশার মানুষকে নিয়ে পুনর্গঠন করতে হবে। এই দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের বাদ দিয়ে এই দেশে হয়তো অন্য কাজ করা যাবে কিন্তু কখনো দেশ পুনর্গঠন করা যাবে না।’

শেয়ার করুন