শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ ইসলাম। তিনি দ্বৈত নাগরিকত্ব ও গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ এনে হাইকোর্টে রিট আবেদন করেছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সোমবার (২ জানুয়ারি) এই রিট দায়ের করেন। রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

নাহিদ ইসলামের পক্ষে আদালতে শুনানিতে অংশ নিচ্ছেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহের মধ্যেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন