শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাপি আভায় মোহ ছড়ালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন ক্যারিয়ারের এক উজ্জ্বল সময় পার করছেন। নতুন চলচ্চিত্রের কাজ, আন্তর্জাতিক স্বীকৃতি আর প্রশংসায় ভরপুর সময় যেন তার চারপাশে সাফল্যের আলো ছড়িয়ে দিয়েছে। সম্প্রতি কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জন করেন জয়া।

এই আনন্দঘন মুহূর্তের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু নতুন ছবি শেয়ার করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই অভিনেত্রী। বর্তমানে টালিগঞ্জে অবস্থান করছেন জয়া আহসান এবং সেখানকার বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও নিয়মিত উপস্থিত থাকছেন।

শনিবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলোতে তাকে দেখা যায় কলকাতার শিল্পী ও সহকর্মীদের সঙ্গে। ছবিতে জয়া পরেছেন স্লিভলেস হল্টার-নেক ডিজাইনের একটি গোলাপি গাউন, যার ওপেন-ব্যাক কাট তার লুকে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া। চুলে পরিপাটি পনিটেল আর কানে ছোট টপ—সব মিলিয়ে মার্জিত ও আত্মবিশ্বাসী এক উপস্থিতি।

ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, “গোলাপি আভা, অকৃত্রিম মুহূর্ত, চিরন্তন এক সন্ধ্যা…”। ছবির পেছনের দৃশ্যে চোখে পড়ে বিভিন্ন পুরস্কারের ক্রেস্ট ও একটি অ্যান্টিক প্রজেক্টর, যা যেন তার দীর্ঘ ও বৈচিত্র্যময় অভিনয়জীবনের প্রতীক।

সব সময়ই অভিনয় দক্ষতা ও রুচিশীল ফ্যাশন সেন্সের জন্য প্রশংসিত জয়া আহসান। এই নতুন লুকেও তার ব্যতিক্রম হয়নি। পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে। কেউ লিখেছেন, “পিঙ্ক শেডে জয়া মানেই আলাদা এক গ্রেস”, আবার কেউ মন্তব্য করেছেন, “কি দারুণ মিষ্টি লাগছে!”

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে টালিউডে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। সব মিলিয়ে বলা যায়, পেশাগত দিক থেকে এখন একেবারে স্বর্ণসময় পার করছেন এই তারকা।

শেয়ার করুন