বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ক্লোজ ফ্রেন্ডস’ ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ব্যক্তিগত নিয়ন্ত্রণ আরও বাড়াতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটা। এই ফিচার চালু হলে, কোনো ব্যবহারকারী চাইলে অন্য কারও ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজেই সরে যেতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক মাধ্যম টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, ফিচারটি এখনও প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক ব্যবহারও এখনো শুরু হয়নি।

কী ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচার

২০১৮ সালে চালু হওয়া ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের স্টোরি, রিলস বা নির্দিষ্ট পোস্ট সীমিত সংখ্যক মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। ব্যক্তিগত ভাবনা বা ঘনিষ্ঠ মহলের জন্য রাখা কনটেন্ট ভাগ করে নেওয়ার ক্ষেত্রে এই সুবিধাটি বেশ জনপ্রিয়।

তবে এতদিন পর্যন্ত কেউ যদি অন্যের ক্লোজ ফ্রেন্ডস তালিকায় যুক্ত থাকতেন, তাহলে সেখান থেকে নিজ উদ্যোগে বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না।

যেভাবে প্রকাশ্যে এলো তথ্য

অপ্রকাশিত ফিচার শনাক্ত করার জন্য পরিচিত রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি প্রথম এই পরিবর্তনের আভাস দেন। ইনস্টাগ্রাম অ্যাপের ভেতরের কোড বিশ্লেষণ করে তিনি নিয়মিত নতুন ফিচারের তথ্য সামনে আনেন।

তার প্রকাশ করা স্ক্রিনশট অনুযায়ী, কেউ যদি কোনো ব্যবহারকারীর ক্লোজ ফ্রেন্ডস তালিকা ত্যাগ করেন, তাহলে তিনি আর সেই তালিকার জন্য নির্ধারিত স্টোরি বা কনটেন্ট দেখতে পারবেন না। ভবিষ্যতে আবার দেখতে চাইলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে নতুন করে তাকে যুক্ত করতে হবে।

অস্বস্তি নাকি স্বস্তি—দুই মতই রয়েছে

এই ফিচার নিয়ে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া একরকম নাও হতে পারে। কেউ কেউ হয়তো অস্বস্তি বোধ করতে পারেন, যদি দেখেন তাদের ঘনিষ্ঠ তালিকা থেকে কেউ নিজে থেকেই সরে গেছেন।

অন্যদিকে অনেকের কাছেই এটি হতে পারে স্বস্তির বিষয়। কারণ সবাই সব সময় নির্দিষ্ট কারও ব্যক্তিগত কনটেন্টের দর্শক থাকতে চান না। ডিজিটাল সীমা নিজের মতো করে নির্ধারণ করার সুযোগকে অনেকেই ইতিবাচক হিসেবেই দেখছেন।

প্রতিযোগিতায় পিছিয়ে ছিল ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের প্রধান প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাটে আগে থেকেই প্রাইভেট স্টোরি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সুবিধা রয়েছে। সে তুলনায় ইনস্টাগ্রাম এই ক্ষেত্রে এতদিন পিছিয়ে ছিল বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

তবে শেষ পর্যন্ত এই ফিচার সবার জন্য চালু হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি মেটা। অনেক সময় অভ্যন্তরীণ পরীক্ষার পর্যায়েই কিছু ফিচার সীমাবদ্ধ থাকে।

আসতে পারে সাবস্ক্রিপশনভিত্তিক নতুন সুবিধা

‘ক্লোজ ফ্রেন্ডস’ ছাড়াও ইনস্টাগ্রামসহ মেটার অন্যান্য প্ল্যাটফর্ম—ফেসবুক ও হোয়াটসঅ্যাপের জন্য নতুন সাবস্ক্রিপশন সুবিধা পরীক্ষার পরিকল্পনার কথাও জানা গেছে।

পালুজ্জির তথ্যমতে, প্রিমিয়াম সংস্করণে থাকতে পারে—

অসীম সংখ্যক অডিয়েন্স লিস্ট তৈরির সুযোগ

কে ফলোব্যাক করেনি তা জানার সুবিধা

স্টোরি দেখা হলেও পোস্টদাতাকে না জানানোসহ বাড়তি নিয়ন্ত্রণ

মেটা জানিয়েছে, মূল ব্যবহার অভিজ্ঞতা সবার জন্য বিনা মূল্যে রাখাই তাদের লক্ষ্য। তবে যারা অতিরিক্ত নিয়ন্ত্রণ ও বিশেষ সুবিধা চান, তাদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক বিকল্প নিয়ে পরীক্ষা চালানো হবে।

শেয়ার করুন