যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিত্রনায়ক জায়েদ খানের জনপ্রিয় টক শো ‘সেলিব্রিটি টক শো – ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’–এ অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। অনুষ্ঠানটিতে প্রাণবন্ত আড্ডার পাশাপাশি জায়েদ খানের সঙ্গে র্যাম্পে হেঁটে দর্শকদের জন্য বিশেষ চমক উপহার দেন তিনি।
র্যাম্প ওয়াকের অভিজ্ঞতা নিয়ে জায়েদ খান বলেন, বাংলাদেশের ফ্যাশন দুনিয়ায় প্রায় ৩৫ বছর আগে তানিয়া আহমেদ ও মৌরা র্যাম্প ওয়াকের সূচনা করেছিলেন। এত বছর পর যুক্তরাষ্ট্রে তানিয়া আহমেদের সঙ্গে একই র্যাম্পে হাঁটতে পারা তার জন্য গর্বের বিষয়।
তিন দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে সফলভাবে কাজ করে আসা তানিয়া আহমেদ এ পর্বে নিজের অভিনয়জীবনের নানা অধ্যায় তুলে ধরেন। আড্ডায় উঠে আসে তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের গল্প এবং অজানা কিছু অনুভূতি।
উল্লেখ্য, ‘সেলিব্রিটি টক শো – ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম সিজনে মোট ১২টি পর্ব উপস্থাপনা করছেন জায়েদ খান। অল্প সময়ের মধ্যেই শোটি অনলাইন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি রেকর্ড করা হয়েছে দ্বিতীয় সিজনের প্রথম পর্ব।
জানা গেছে, তানিয়া আহমেদকে নিয়ে করা এই বিশেষ পর্বটি আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যান জায়েদ খান। পরবর্তীতে আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি দেশে ফিরতে পারেননি। দেশে ফেরার আগ্রহ থাকলেও বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন তিনি এবং সেখান থেকেই শুরু করেছেন তার পেশাগত জীবনের নতুন অধ্যায়।









