শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় কূটনীতিকদের ‘নন-ফ্যামিলি’ পোস্টিং নিয়ে ধোঁয়াশা: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছে না অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশে এমন কোনো নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়নি, যাতে বিদেশি কূটনীতিক বা তাঁদের পরিবার ঝুঁকির মুখে পড়তে পারে।

বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতীয় মিশনের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা বা সংকেত বাংলাদেশ সরকারকে জানানো হয়নি।

পরিবার প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি সম্পূর্ণ ভারতের নিজস্ব সিদ্ধান্ত। তারা যেকোনো সময় তাদের কূটনীতিকদের পরিবারকে দেশে ফিরিয়ে নিতে পারে। এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি বা করণীয় কিছু নেই।

তিনি আরও বলেন, “তারা কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। বাংলাদেশে এমন কোনো ঘটনাও ঘটেনি, যা থেকে বলা যায় তাদের কর্মকর্তা বা পরিবার বিপদের মুখে রয়েছে।”

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা ঝুঁকির কথা জানানো হয়নি। তবে তাদের মনে কোনো আশঙ্কা থাকতেই পারে কিংবা তারা কোনো বার্তা দিতে চাইছে—এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, নির্বাচনকালীন সময়ে অতীতে যেসব ছোটখাটো সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা যেত, এবার তার চেয়েও পরিস্থিতি বেশি খারাপ—এমন কিছু চোখে পড়ছে না। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

শেয়ার করুন