শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় উত্তরাঞ্চলে সেনাপ্রধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে দেশের উত্তরাঞ্চল সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার রংপুর ও রাজশাহী অঞ্চলে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি অসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় সেনাবাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এ অনুরূপ আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পারস্পরিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

শেয়ার করুন