সরকার কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে নয়, বরং অপরাধীদের জামিন দেওয়ার বিপক্ষে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির তথ্য উপস্থাপনের পর সাংবাদিকরা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়া সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেন। স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান মারা যাওয়ার পরও তার প্যারোল না মেলায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে এবং এ নিয়ে সরকারের সমালোচনাও হচ্ছে।
তবে কৃষি সংক্রান্ত আলোচনার বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে অনাগ্রহ প্রকাশ করেন উপদেষ্টা। প্যারোল বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কৃষি ছাড়া কোনো প্রশ্নের উত্তর দেব না।”
একজন সাংবাদিক তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেও দায়বদ্ধ থাকার কথা উল্লেখ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “স্বরাষ্ট্র নিয়ে কথা বলার সময় আলাদা করে ডাকবো।”
এ সময় তিনি আরও বলেন, “আজকের ব্রিফিং কৃষি বিষয়ক। আপনারা কৃষির সমস্যা নিয়ে প্রশ্ন করবেন। কৃষকদের সমস্যাগুলো তো আপনারা তুলে ধরেন না।”
ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন না দেওয়া নিয়ে বিতর্ক প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “সরকার আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিরুদ্ধে নয়। সরকার অপরাধীদের জামিন দেওয়ার বিপক্ষে।”
পরে আবারও যশোরের আলোচিত ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো উত্তর না দিয়ে সভাকক্ষ ত্যাগ করেন।





