শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচনে ভোট গণনায় বাড়তি সময় লাগতে পারে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণ ও ভোট গণনা—উভয় প্রক্রিয়াতেই স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য আলাদা ধরনের ব্যালট ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোট গণনার কাজ জটিল হবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উদাহরণ দিয়ে ইসি সচিব জানান, ফেনী-৩ আসনে ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লার একটি আসনে ১৩ হাজার ৯৩৯ জন পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। যেখানে একটি কেন্দ্রে সাধারণত প্রায় তিন হাজার ভোটার থাকেন, সেখানে পোস্টাল ব্যালটের সংখ্যা পাঁচ থেকে ছয় গুণ বেশি হওয়ায় ফল প্রকাশে বিলম্ব হতে পারে।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসি ৮৩টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিল। এর মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণ নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন, যা পর্যায়ক্রমে ২৭৫ থেকে ৩০০ জনে উন্নীত হতে পারে। এ ছাড়া কমনওয়েলথ থেকে ১০ জন এবং তুরস্ক থেকে ৯ জন প্রতিনিধি আসবেন। সব মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।

কালো টাকার প্রভাব রোধে মোবাইল ব্যাংকিং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আখতার আহমেদ বলেন, মোবাইল ব্যাংকিং সম্পূর্ণ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে লেনদেনের ওপর সীমা নির্ধারণ করা হতে পারে। একই নীতি ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।
ইসি সচিবের দেওয়া তথ্যমতে, সর্বশেষ হিসাব অনুযায়ী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন এবং নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বেশি ২৮৮ জন প্রার্থী দিয়েছে। আসনভিত্তিক হিসেবে ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটারদের এনআইডি কার্ড অন্যের কাছে হস্তান্তর না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিরপুরে এনআইডি সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে ভোটারদের আরও সচেতন হতে হবে।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে টিআইবির উদ্বেগ প্রসঙ্গে ইসি সচিব বলেন, নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও কেউ তথ্য গোপন করে প্রার্থী হলে এবং তা প্রমাণিত হলে আরপিও’র সংশোধিত ধারার আওতায় কমিশন যেকোনো সময় ব্যবস্থা নিতে পারবে।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য এবারের নির্বাচনে ১৬ হাজারের বেশি বিএনসিসি ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। আগামী রোববার তাদের কমান্ড স্ট্রাকচার ও ডেপ্লয়মেন্ট পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

শেয়ার করুন