শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন ঘিরে সেনাপ্রধানের নতুন বার্তা, নিরাপত্তায় কঠোর অবস্থান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বাহিনীগুলোর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্যে নির্বাচন ঘিরে একটি গুরুত্বপূর্ণ বার্তাও উঠে আসে।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সেনাপ্রধান জানান, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের সময় সৃষ্ট অরাজক পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানা থেকে মোট ৩ হাজার ৬১৯টি আগ্নেয়াস্ত্র লুট হয়। পরবর্তী সময়ে পরিচালিত ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ২ হাজার ২৫৯টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে, যা মোট লুট হওয়া অস্ত্রের প্রায় ৬২ শতাংশ।

গোলাবারুদের হিসাব তুলে ধরে তিনি আরও বলেন, ওই সময় প্রায় ৪ লাখ ৫৬ হাজারের বেশি রাউন্ড গোলাবারুদ লুট হয়েছিল। এর মধ্যে প্রায় ২ লাখ ৩৭ হাজার রাউন্ড উদ্ধার করা হয়েছে, যা মোটের অর্ধেকেরও বেশি। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের মধ্যে নিরাপত্তাবোধ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ সব নিরাপত্তা সংস্থা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচনকালীন সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্র প্রাঙ্গণেও প্রবেশ করতে পারবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাহিনীগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের ঘাটতি যেন না থাকে।

এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা, মন্ত্রিপরিষদ সচিব, নৌ ও বিমানবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বৈঠকে জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ মধ্যরাত থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে।

শেয়ার করুন