শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি প্রায়ই ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেন। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। সম্প্রতি মালয়েশিয়ায় অবকাশ যাপনের সময় ছেলের সঙ্গে কাটানো কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন এই নায়িকা।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, কুয়ালালামপুরের জনপ্রিয় প্যাভিলিয়ন শপিং মলে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। মা–ছেলের পরনে ছিল মিলিয়ে নেওয়া পোশাক, যা দর্শকদের দৃষ্টি কেড়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, ছোট্ট পূণ্য একটি রাইড-অন স্যুটকেস টেনে এগিয়ে যাচ্ছে, আর তার পেছনে হাঁটছেন পরীমণি। মুহূর্তটি দেখে মনে হচ্ছিল, যেন দায়িত্বটা উল্টো—পূণ্যই অভিভাবক, আর পরীমণি শিশুসুলভ আনন্দে মেতে আছেন।

এরপরই ঘটে মজার ঘটনা। হঠাৎ পরীমণি নিজেই সেই ছোট স্যুটকেসের ওপর বসে পড়েন, আর ছেলে পূণ্য মাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুটা কষ্ট হলেও হাসিমুখে মায়ের দায়িত্ব পালন করতে দেখা যায় ছোট্ট পূণ্যকে। এই দৃশ্যই মুহূর্তে সামাজিক মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয়।

মা–ছেলের এমন প্রাণবন্ত খুনসুটিতে ভক্তদের মন্তব্যে ভরে ওঠে ভিডিওটি, যেখানে অনেকেই তাদের ভালোবাসা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

শেয়ার করুন