অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোটকে কেন্দ্র করে যারা সমালোচনা করছেন, তাদের বাস্তবতা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে জানার পরিধি সীমিত।
শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষে অবস্থান নেয়। আমাদের লক্ষ্য হলো প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশের দীর্ঘদিনের অপশাসন দূর করা। ভবিষ্যতে যেন শেখ হাসিনার মতো কেউ ক্ষমতার অপব্যবহার করে ‘দৈত্য-দানবে’ পরিণত হতে না পারে, সে জন্যই আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। দেশের দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হলে জনগণকে হ্যাঁ ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সময়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। সেই ক্ষতির দায় বর্তমান সরকারের ওপর চাপানো হচ্ছে, যা মোটেও ন্যায্য নয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী শঙ্কা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তার আশঙ্কা ভিত্তিহীন। এই সরকারের কোনো প্রার্থী বা দলের প্রতি পক্ষপাতিত্ব নেই। কাজের মাধ্যমেই সরকার নিরপেক্ষতা প্রমাণ করবে।
নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন, সম্প্রতি কেবিনেট বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতিও শেষ পর্যায়ে।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং মাজার কমিটির নেতৃবৃন্দ।





