শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: রিজওয়ানা হাসান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে করা প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্টভাবে জানিয়েছেন, আইনগত কারণে দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনীতি ও নির্বাচন ইস্যুতে মতবিনিময়ের সময় এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

নির্বাচন নিয়ে জনমনে সংশয় রয়েছে—এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা ১২ ফেব্রুয়ারিতেই হবে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ছড়াচ্ছে, যাতে মানুষ বিভ্রান্ত থাকে। তবে এ ধরনের প্রচারণায় কোনো ফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আইনি অবস্থান একেবারেই পরিষ্কার। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ ছাড়া হলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, সে বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, অভিযোগ আসতেই পারে। তবে নির্বাচন কমিশনের কাছে এ ধরনের অভিযোগের প্রতিকার দেওয়ার জন্য সুস্পষ্ট বিধান রয়েছে এবং কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের ভূমিকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা পরিবর্তন ও সংস্কার চান, তাদের অবশ্যই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে। এ ক্ষেত্রে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে—এমন অভিযোগের সুযোগ নেই। তিনি বলেন, যে সরকার আইন প্রণয়নের ক্ষমতা রাখে, সে সরকার সংস্কার ও গণভোটের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করতেই পারে। ফলে গণভোটের পক্ষে সরকারের প্রচারণা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কারণ নেই।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে, যাতে দ্রুত সমাধানে পৌঁছানো যায়।

শেয়ার করুন