রাজধানীর তেজতুরী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মোসাব্বির (৪৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— জিন্নাত (২৪), মোঃ বিল্লাল, আব্দুল কাদির (২৮) ও মোঃ রিয়াজ (৩১)।
গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে দুর্বৃত্তরা মোসাব্বিরকে গুলি করে। এতে তিনি ও সুফিয়ান বেপারী মাসুদ (৪০) গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।
ডিবি সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়। এরপর ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় অভিযান চালিয়ে দুই শ্যুটারের একজন, মূল সমন্বয়কারী, রেকিকারী ও পলাতক সহায়তাকারীকে গ্রেফতার করা হয়। অভিযানে একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস শনাক্ত ও উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ পলাতক আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।









