ময়মনসিংহ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এমরান সালেহ প্রিন্স আজ ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব বুঝে নিয়েছেন। এ উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওহাব আকন্দ ওয়ালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নবাগত প্রশাসককে স্বাগত জানিয়ে তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
দায়িত্ব গ্রহণকালে এমরান সালেহ প্রিন্স বলেন, ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং জনগণের কল্যাণে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।








