মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ আব্দুল আউয়াল নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি চেচুয়া উচ্চ বিদ্যালয়-এর সদ্য সাবেক প্রধান শিক্ষক এবং মলাজানি উচ্চ বিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) দুপুরে মুক্তাগাছা-জামালপুর সড়কের চড়াঘাটি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে ছিলেন। মালবোঝাই একটি ভারী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তিনি ছিটকে রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে যান এবং গুরুতরভাবে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে সেখানে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় পবিত্র রমজান উপলক্ষে পাশের একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার করানোর উদ্দেশ্যে তিনি চেচুয়া বাজারে খেজুর আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। যাওয়ার সময় পথেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
মোঃ আব্দুল আউয়াল দীর্ঘদিন শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে আসছিলেন এবং একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থী, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মরহুমের জানাজা নামাজ আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও শিক্ষা মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।








