শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জ্বালানি মন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, জ্বালানি তেল নিয়ে মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী ৯ মার্চ দেশে আরও দুটি জ্বালানি তেলের ভেসেল আসছে। ফলে সরবরাহ স্বাভাবিক রাখতে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে অকারণে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তবে বাস্তবে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক আছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কেউ যাতে অযথা মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকেও নজরদারি থাকবে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চলছে। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।

শেয়ার করুন