শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আইন অমান্য করে খুলনায় সিগারেট প্রচারণার অভিযোগ

খুলনা নগরীতে তামাকবিরোধী আইন উপেক্ষা করে বহুজাতিক প্রতিষ্ঠান British American Tobacco–এর একটি ব্র্যান্ডের অবৈধ প্রচারণার অভিযোগ উঠেছে। নগরীর শিববাড়ি মোড় এলাকায় একটি রুফটপ কফিশপে গোপন বৈঠকের আড়ালে ব্র্যান্ড প্রচারের পরিকল্পনা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, প্রায় ২০ জন কর্মীকে নিয়োগ দিয়ে কোম্পানির লোগোসম্বলিত পোশাক ও বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হয়। পরে তাদের নগরীর বিভিন্ন এলাকায় পাঠিয়ে সিগারেটের প্রচারণা চালানো হচ্ছিল। এ কার্যক্রম কোম্পানির এক সুপারভাইজারের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সূত্র বলছে, সম্প্রতি নগরীর একটি ভবনের ছাদে গোপনে এমন কার্যক্রম পরিচালনার সময় বিষয়টি নজরে আসে। অভিযোগ রয়েছে, স্কুল-কলেজসংলগ্ন এলাকাতেও তরুণদের লক্ষ্য করে প্রমোশনাল কার্যক্রম চালানোর চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশে কার্যকর Smoking and Tobacco Products (Control) Act, 2005 এবং এর ২০১৩ সালের সংশোধনী অনুযায়ী তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রমোশন সম্পূর্ণ নিষিদ্ধ। আইনে ব্র্যান্ড নাম, লোগো বা প্রতীক ব্যবহার করে পরোক্ষ প্রচারণাকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিনামূল্যে নমুনা বিতরণ বা উপহার প্রদানের মাধ্যমেও তামাকপণ্যের প্রচার করা দণ্ডনীয়।

সম্প্রতি জারি হওয়া Smoking and Tobacco Products (Usage Control) (Amendment) Ordinance, 2025–এ তামাক নিয়ন্ত্রণ বিধান আরও কঠোর করা হয়েছে। সংশোধিত বিধানে যেকোনো মাধ্যমে ব্র্যান্ড প্রচার, লোগোযুক্ত সামগ্রী ব্যবহার কিংবা পয়েন্ট-অব-সেল প্রদর্শনীও নিষিদ্ধ করা হয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অতীতে একই ধরনের অভিযোগে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। তবে নতুন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্যকর্মীরা বলছেন, তামাক কোম্পানির আড়াল করা প্রচারণা তরুণদের ধূমপানে প্রলুব্ধ করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাদের দাবি, আইন বাস্তবায়নে কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি।

শেয়ার করুন