মুক্তাগাছায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, মুক্তাগাছা: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপ উপাচার্য প্রফেসর ড. হীরা সোবাহানকে নিউক্লিয়াস একাডেমি মুক্তাগাছার উদ্যোগে সংবর্ধনা অনুিষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় নিউক্লিয়াস একাডেমির নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাঅনুষ্ঠানের আগে নিউক্লিয়াস একাডেমি থেকে শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নবনিযুক্ত উপ-উপাচার্য বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর ড. হীরা সোবাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ স্মৃতি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও কবি অধ্যাপক কাজী নাসির মামুন, জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক চিত্রশিল্পী ফরহাদ তরফদার, নবারুন বিদ্যানিকেতন এর সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় পাল এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এর প্রভাষক ও চিত্রশিল্পী প্রদীপ সাহা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি ও চিত্রশিল্পী মো. রাজন এবং চিত্রশিল্পী তোফায়েল আহমেদ। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউক্লিয়াস শিক্ষা পরিবারের সম্মানিত পরিচালক আরিফ রব্বানী।

নিউক্লিয়াস মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ এবং নিউক্লিয়াস কালচারাল একাডেমির পরিচালক মির্জা আঃ মান্নান এর পরিচালনায় আয়োজিত সংবর্ধনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শেয়ার করুন