রাশিদুল আলম শিমুল : ময়মনসিংহের মুক্তাগাছায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুক্তাগাছা আরকে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বইমেলায় শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী, লেখক ও বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত এই বইমেলা গত ১৫ আগস্ট শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা এর সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী ইদ্রিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজ এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক রিপা খাতুন ও আরকে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক অজয় কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরকে সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধাণ শিক্ষক হাসিনা মমতাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলী ইদ্রিস বলেন, বই মানুষের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও আলোকিত সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন। এসময় তিনি শহীদ স্মৃতি সরকারি কলেজে অধ্যক্ষ থাকাকালীন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই পাঠ কার্যক্রমের বিভিন্ন বিষয় উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।
চার দিনব্যাপী এ বইমেলায় বিভিন্ন প্রকাশনার নানা ধরনের বইয়ের সমাহার ছিল। শিক্ষার্থী ও তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী বইপ্রেমীরা মেলায় এসে পছন্দের বই সংগ্রহ করেন। মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।
আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় বই পৌঁছে দেওয়া এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যেই এ ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে।









