ময়মনসিংহের বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দায় দিলেন ইউনূসকে

রাশিদুল আলম শিমুল, ময়মনসিংহ: গ্যাস সরবরাহ সংকটে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি টানা ২৬ দিন ধরে বন্ধ রয়েছে। একই সময়ে ময়মনসিংহ অঞ্চলের আরও দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতাও অর্ধেকের নিচে নেমে গেছে। এতে পুরো বিভাগে লোডশেডিং বেড়েছে।

ময়মনসিংহ আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রাশেদ এ পরিস্থিতির জন্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন।

আরপিসিএল সূত্র জানায়, ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ২১০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিনের গ্যাসসংকটে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ক্রমেই কমতে থাকে।

কর্মকর্তারা জানান, কিছুদিন আগেও ২১০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রটি সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছিল। ২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রটির প্লান্ট ফ্যাক্টর ছিল ৪৫ শতাংশ। এর আগের অর্থবছরে তা ছিল প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ।

বর্তমানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় গত ২৬ দিন ধরে কেন্দ্রটির উৎপাদন শূন্যে নেমে এসেছে। এ বিষয়ে আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রাশেদ বলেন, গ্যাসসংকটের কারণে কেন্দ্রটি ২৬ দিন ধরে বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হবে।

বাড়ছে লোডশেডিং

বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। গ্রামাঞ্চলের কোথাও কোথাও প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। জেলা শহরেও দিনের বিভিন্ন সময়ে কয়েক ঘণ্টা করে বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে।

ময়মনসিংহ সদরের গোপালনগর গ্রামের ভ্যানচালক নাসির উদ্দিন বলেন, দিনের বড় একটি সময় বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ চলে যাওয়ার পর অনেক সময় তিন থেকে চার ঘণ্টার আগে সরবরাহ ফিরে আসে না। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে ঘুমানো এবং সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

নগরের কাঁচিঝুলি এলাকার নারী উদ্যোক্তা শেফালী আক্তারও লোডশেডিং নিয়ে দুর্ভোগের কথা জানান। তিনি বলেন, দিনে ও রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। পাশাপাশি বাসাবাড়িতে গ্যাসের সংকট থাকায় রান্নার কাজেও নানা সমস্যায় পড়তে হচ্ছে।

গ্যাস ও বিদ্যুৎ—দুই সংকটে ময়মনসিংহের মানুষের দুর্ভোগ বাড়ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগও বাড়ছে।

শেয়ার করুন