মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রবীণ সাংবাদিক মো. শামছুদ্দিন মাস্টার (৭২) আর নেই। তিনি রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মো. শামছুদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি দৈনিক ইনকিলাবের মুক্তাগাছা উপজেলা সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ আছর উপজেলার খুকশিয়া গ্রামের বাড়িতে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব মুক্তাগাছা পৌর গোরস্থান মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুক্তাগাছা পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে মরহুমের মরদেহ মুক্তাগাছা প্রেসক্লাব প্রাঙ্গণে নেওয়া হলে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, মুক্তাগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।









