মুক্তাগাছায় গ্রামীণ সড়ক যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস’র জিইএস স্পেশালিস্ট সাকিব হাসান। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রেসক্লাব প্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা বলেন, মুক্তাগাছা উপজেলার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে পরিকল্পিত ও টেকসই সড়ক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

তারা আরও বলেন, তথ্যভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন হলে উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। উপজেলা সদর থেকে ইউনিয়ন সড়ক হয়ে গ্রামের অভ্যন্তরীণ সড়কগুলোর গুরুত্ব যাচাই করে একটি সুসংগঠিত উন্নয়ন রূপরেখা প্রণয়ন করা সম্ভব হবে।

শেয়ার করুন