শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতি বছর জন্মদিনে শাহরুখের জন্য চাঁদে জমি কেনেন ভক্ত 

বলিউড বাদশাহ শাহরুখ খান ৫৯টি বসন্ত পেরিয়ে ৬০ বছরে পা দিলেন। কিন্তু তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। বরং এখনো কিং খানকে ৩০ বছরের টগবগে যুবকই মনে হয়। এখনো আগের মতোই তিনি রোমান্সে মাতেন রুপালি পর্দায়।

১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য। 

বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত শাহরুখের। এক অস্ট্রেলিয়ান ভক্ত রয়েছে তার। যিনি প্রতি বছর শাহরুখের জন্মদিনে চাঁদে এক খণ্ড করে জমি কেনেন। চাঁদের বিখ্যাত জায়গা ‘সি অব ট্র্যাংকুইলিটি’-তে ইতিমধ্যে কিং খানের নামে রয়েছে কয়েক একর জমি।

এছাড়াও বেশ কিছু অজানা তথ্য রয়েছে শাহরুখের। তার প্রথম সিনেমা হওয়ার কথা ছিল ‘দিল আশনা হ্যায়’, কিন্তু ছবিটি দেরিতে মুক্তি পাওয়ায় তার প্রথম রিলিজ হয় ‘দেওয়ানা’।

কিং খানের দুটি গাড়িতেই ৫৫৫ নম্বর লেখা। তার সব কর্মচারীর ফোনেও তার নম্বর ৫৫৫ নামে সেভ করা আছে। শাহরুখ অন্ধবিশ্বাসী না হলেও ৫৫৫ নম্বরে ভীষণ বিশ্বাস করেন।

শাহরুখ চাইলেই হতে পারতেন সাংবাদিক। কারণ তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছিলেন।‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র স্ক্রিপ্ট তিনি না পড়েই সই করেছিলেন। কারণ তিনি পরিচালক আদিত্য চোপড়ার ওপর ভরসা করতেন এবং তাকে খুব ভালোবাসতেন।

জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শাহরুখ। সহকর্মীরাও জানাচ্ছেন উষ্ণ অভিনন্দন। 

শাহরুখ খানের বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমাটির মাধ্যমে। এর পরের ইতিহাস কে না জানে। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে মোট সিনেমার অধিকাংশই হিট তার। বলিউড থেকে পেয়েছেন, কিং খান, বলিউড বাদশাহ, কিং অব রোমান্স তকমা। ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এছাড়া পেয়েছেন জাতীয় পুরস্কার ও ‘পদ্মশ্রী’সহ দেশি-বিদেশি বহু সম্মাননা।

২০১৮ সালে ‘জিরো’ ফ্লপ হওয়ার পর চার বছর সিনেমা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। ২০২৩ সালে ফেরেন রাজার বেশে। সে বছর তার মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ এবং ‘জওয়ান’ দুটি সিনেমাই হাজার কোটি টাকার উপরে ব্যবসা করে। এ ঘটনা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিরল। এক বছরে দুটি হাজার কোটি টাকার সিনেমা! 

তবে শাহরুখ ম্যাজিক এখানেই শেষ হয়নি। ওই বছরেরই ডিসেম্বরে মুক্তি পায় কিং খানের ‘ডাঙ্কি’ নামে আরেকটি সিনেমা। সেখানে তিনি প্রথমবার কাজ করেন বলিউডের মাস্টারমেকার রাজকুমার হিরানির সঙ্গে। যার কোনো সিনেমাই ফ্লপ নেই। যথারীতি ‘ডাঙ্কি’ও মোটামুটি ভালো ব্যবসা করে।

সামনে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখ খানের ‘কিং’ নামে একটি সিনেমা। আপাতত সেই অপেক্ষায় তার অগণিত ভক্ত। অন্যদিকে কিং খানের ফ্যানেরা অপেক্ষায় মান্নাতের সামনে। দেখা দেবেন কি অভিনেতা?

শেয়ার করুন