শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার নির্বাচন হবে স্বচ্ছ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটি সহায়ক ও ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। তিনি স্পষ্ট করে বলেন, “এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের সব স্তর ঐক্যবদ্ধভাবে কাজ করছে। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার বাহিনী তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো।

চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই। তবে নির্বাচনকে আরও সহজ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, নির্বাচনবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জনগণের সক্রিয় ভূমিকা জরুরি।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি ও ভোটের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। বড় রাজনৈতিক দলগুলোর নেতারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণ ও নির্ধারিত সফর বাতিল করেছেন, যা আশাব্যঞ্জক।

রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার অংশ। তবে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় নির্বাচন কমিশন সবসময়ই নিন্দা জানায়। শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন