ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই সেটির নিবন্ধন বাতিল করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়ার পর এই সিদ্ধান্ত জানানো হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনইআইআর কার্যক্রম শুরুর ফলে বর্তমানে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে সক্রিয় সব বৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় এসেছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হবে।
বিটিআরসি আরও জানায়, নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইল ফোনে সিম পরিবর্তন করা হলে বা ফোনটি অন্য কাউকে ব্যবহার কিংবা বিক্রির উদ্দেশ্যে দেওয়ার আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট হ্যান্ডসেটকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে অবমুক্ত করতে হবে।
ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সিম নিবন্ধনের সময় ব্যবহৃত পরিচয়পত্রের তথ্য প্রয়োজন হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দিতে হবে বলে জানিয়েছে কমিশন।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সহায়তার জন্য বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে ফোন করা কিংবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করা যাবে।





