শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পেট্রোবাংলার পরিচালক ও ইডিসিএল এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎দুর্নীতির অভিযোগ থাকায় পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম এবং রাষ্ট্র মালিকানাধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আঃ সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

‎দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

‎সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

‎দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল রফিকুলের এবং সহকারী পরিচালক নুরুল ইসলাম আসামি সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।

‎রফিকুল ইসলামের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অবৈধভাবে গ্যাস সংযোগ/পুন: সংযোগ ও গ্যাস বিল মওকুফ, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান ও বিদেশীদের দেশের গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এর প্রেক্ষিতে অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যাক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে না পারেন সেজন্য তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা প্রয়োজন।

‎অভিযোগ সংশ্লিষ্ট সামাদ মৃধার আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দলের অনুসন্ধান চলমান রয়েছে।

‎অনুসন্ধানে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট মো. আঃ সামাদ মৃধা ইডিসিএল এর বিভিন্ন ক্রয়ে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অর্থ আত্মসাত করে বিদেশ পাচার করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তার বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক।

শেয়ার করুন