শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

একাধিক প্রেম নিয়ে মন্তব্যে বিতর্কে স্বস্তিকা, সমালোচকদের দিলেন কঠোর জবাব

একই সময়ে একাধিক প্রেম থাকা নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে বিতর্কের মুখে নীরব না থেকে বরং স্পষ্ট ও কড়া ভাষায় নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, মানুষের জীবনে একাধিক প্রেম থাকা অস্বাভাবিক কিছু নয়। তার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তর্ক-বিতর্ক। অনেকেই বিষয়টিকে কেন্দ্র করে অভিনেত্রীর ব্যক্তিগত নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

সমালোচনার জবাব দিতে স্বস্তিকা নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, তিনি যা বলেছেন, সচেতনভাবেই বলেছেন এবং ভবিষ্যতেও প্রেম নিয়ে একই মত প্রকাশ করবেন। তার কথাগুলোকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

স্বস্তিকার ভাষায়, তিনি কোনো ধর্মগুরু নন যে তার কথাকে চূড়ান্ত আদর্শ হিসেবে ধরা হবে। প্রেম করা কবে থেকে সমাজে অপরাধে পরিণত হয়েছে—সেই প্রশ্নও তোলেন তিনি। তার মতে, মানুষের হাতে অবসর থাকলে সেটি ভালোবাসা ও সম্পর্কের মধ্য দিয়েই কাটানো উচিত।

পোস্টে আরও উল্লেখ করেন, প্রেম না করলে মানুষ অপ্রয়োজনীয় ও নেতিবাচক বিষয়ে জড়িয়ে পড়ে সময় নষ্ট করে। তাই অন্যের জীবন নিয়ে কটাক্ষ না করে নিজের ভালো থাকার পথ খুঁজে নেওয়ার আহ্বান জানান তিনি।

এরই মধ্যে স্বস্তিকা মুখার্জি ব্যস্ত সময় পার করছেন তার নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’–এর প্রচারণা নিয়ে। কাজের মাঝেই ব্যক্তিগত মতামতকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক নতুন করে আলোচনায় নিয়ে এলো অভিনেত্রীকে।

শেয়ার করুন