শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবল মাঠে ভারতকে স্পষ্টভাবে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ২-০ গোলে পরাজিত করে টানা দ্বিতীয় জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা। এই জয়ে ফাইনাল নিশ্চিত করার পথে বড় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে বর্তমান যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারতের মুখোমুখি লড়াইয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তারের গোলেই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত হয়।

ম্যাচের ৩০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অর্পিতা বিশ্বাস। লিড নেওয়ার পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এর মাত্র দশ মিনিট পর, ৪০ মিনিটে আলপি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ফলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের মেয়েরা ধারাবাহিকভাবে আক্রমণ চালায়। যদিও একাধিক সুযোগ তৈরি হলেও আর গোলের দেখা পায়নি দলটি। অন্যদিকে ভারতও ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান আলপি আক্তার। তার হাতে পুরস্কার তুলে দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচে দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৬ পয়েন্ট। অন্যদিকে, প্রথম ম্যাচে নেপালকে হারালেও বাংলাদেশের কাছে পরাজিত হয়ে ভারতের পয়েন্ট দাঁড়িয়েছে ৩।

আজ বিকেলে ভুটান ও স্বাগতিক নেপালের মধ্যকার ম্যাচে যদি ড্র হয়, তবে বাংলাদেশ আগেভাগেই ফাইনাল নিশ্চিত করবে।

আগামী ৪ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

শেয়ার করুন