উত্তরবঙ্গ সফর শেষে রাজধানীতে ফেরার পথে বগুড়ায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, “আমি তো ঘরের সন্তান, আবার আসব। আপনারা আমার জন্য দোয়া করবেন।”
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে তার গাড়িবহর থামিয়ে অল্প সময়ের এই পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে তিনি বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটনের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
তারেক রহমান বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই পথসভা অনুষ্ঠিত হয়। তারেক রহমান গাড়িতে বসেই বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের প্রার্থী মোর্শেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এর আগে শনিবার সকালে বগুড়ার একটি হোটেলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা, সদর উপজেলা ও শহর বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় তারেক রহমান বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের কাছে সরাসরি পৌঁছে ধানের শীষের পক্ষে সমর্থন আদায় করতে হবে। তিনি আরও বলেন, দলের প্রধান হিসেবে আগের মতো দীর্ঘ সময় বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব নয়। তাই স্থানীয় নেতৃত্বকে সামনে রেখে মাঠে সক্রিয় থাকতে হবে।
বগুড়ার মানুষের সঙ্গে নিজের আবেগঘন সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালে এ অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। বিরোধী দলে থাকলেও মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত ছিল। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
মতবিনিময় সভা শেষে দুপুরের পর তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন। পথে শাজাহানপুর ও শেরপুরের ধুনট মোড়েও তিনি সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন।





