দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এই ব্যতিক্রমধর্মী প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। তবে প্রকল্পটির নকশা, নির্মাণপ্রক্রিয়া ও সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
গোল্ড ডিস্ট্রিক্ট, যা ‘হোম অব গোল্ড’ নামেও পরিচিত, স্বর্ণ ও অলংকার শিল্পের জন্য একটি সমন্বিত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে খুচরা বিক্রি, স্বর্ণের বার বা বুলিয়ন ব্যবসা, পাইকারি লেনদেন এবং বিনিয়োগ–সংক্রান্ত সব ধরনের সেবা এক জায়গায় পাওয়া যাবে।
২০২৪–২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। এর ফলে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ কেনাবেচার কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।
বর্তমানে গোল্ড ডিস্ট্রিক্টে সুগন্ধি, প্রসাধনী, স্বর্ণ ও লাইফস্টাইল খাতের এক হাজারের বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। জাওয়াহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশক জুয়েলারি এখানে তাদের ফ্ল্যাগশিপ শোরুম স্থাপন করেছে। পাশাপাশি ভারতীয় ব্র্যান্ড জয়ালুকাস ২৪ হাজার বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাগশিপ শোরুম চালুর ঘোষণা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শাখা হবে।
ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি বলেন, গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, পরিসর ও ব্যবসায়িক সম্ভাবনার এক ব্যতিক্রমী সংমিশ্রণ তৈরি করেছে।
এদিকে দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের আওতাধীন দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল খাজা জানান, স্বর্ণ দুবাইয়ের সংস্কৃতি ও বাণিজ্যের অবিচ্ছেদ্য অংশ। তাঁর মতে, এই নতুন গন্তব্য একদিকে ঐতিহ্যকে সম্মান জানাচ্ছে, অন্যদিকে সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের ভিত্তিতে ভবিষ্যতের দুবাই গড়ে তুলছে।





