শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সঠিক নিয়মে আখরোট খেলে মিলবে বাড়তি স্বাস্থ্য উপকারিতা

স্বাস্থ্য সচেতন মানুষদের খাদ্যতালিকায় বাদাম রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। নানা ধরনের বাদামের মধ্যে আখরোট বিশেষভাবে উপকারী। দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো এই বাদামটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে ও স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক। আখরোটে রয়েছে ফাইবার, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন, কার্বোহাইড্রেট ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। নিয়ম মেনে খেলে হৃদরোগ, ডায়াবেটিস এমনকি ক্যানসারের ঝুঁকিও কমাতে পারে আখরোট।

যেভাবে আখরোট খেলে পাবেন সর্বোচ্চ পুষ্টিগুণ

আখরোট খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ভিজিয়ে খাওয়া। রাতে ঘুমানোর আগে ৩–৪ টুকরা আখরোট এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খোসা ছাড়িয়ে খেলে তা হজমে সহায়ক হয়। ভেজানো আখরোট শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং এতে থাকা পুষ্টি উপাদান শরীর সহজে শোষণ করতে পারে।

আখরোট খাওয়ার উপকারিতা

আখরোটে থাকা ফাইটোকেমিক্যাল ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে।

নিয়মিত পরিমিত আখরোট খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

আখরোট রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক, ফলে ডায়াবেটিসের ঝুঁকিও কমে।

আখরোটে প্রচুর ফাইবার থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে হজমশক্তি উন্নত করে।

নিয়মিত আখরোট খেলে ত্বক থাকে উজ্জ্বল ও টানটান। এতে থাকা ভিটামিন ও মিনারেল বার্ধক্যের গতি ধীর করতে সাহায্য করে।

তবে সব ধরনের বাদামের মতো আখরোটও পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো।

তথ্যসূত্র: ওয়েবএমডি ও টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন