শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশন সেবা আনছে মেটা

প্রযুক্তি জায়ান্ট মেটা তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ-এ নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষার পরিকল্পনা করছে। এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন এক্সক্লুসিভ ফিচার, উন্নত প্রোডাক্টিভিটি টুল এবং সৃজনশীল কাজে সহায়তা করার নতুন সুযোগ। এছাড়া যুক্ত হবে উন্নত এআই সুবিধা, যা বিভিন্ন কাজকে আরও সহজ করবে।

মেটা জানিয়েছে, এই নতুন সাবস্ক্রিপশন সেবা মূল ফ্রি সার্ভিসের বিকল্প হবে না। তবে প্রিমিয়াম ব্যবহারকারীরা পাবেন বিশেষ নিয়ন্ত্রণ সুবিধা, কনটেন্ট শেয়ার এবং সংযোগে বাড়তি অপশন। প্রতিটি অ্যাপের সাবস্ক্রিপশন সুবিধা আলাদা হবে, যাতে ব্যবহারকারীরা প্রয়োজন অনুসারে বেছে নিতে পারেন।

সেবার মূল অংশ হিসেবে মেটা “ম্যানাস” নামের একটি এআই এজেন্টকে যুক্ত করতে চায়। মেটা সম্প্রতি প্রায় ২ বিলিয়ন ডলারে এটি অধিগ্রহণ করেছে। ম্যানাসকে মেটার বিভিন্ন প্রোডাক্টে একীভূত করা হবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও আলাদা সাবস্ক্রিপশনের মাধ্যমে এই সেবা ব্যবহার করতে পারবে।

ইনস্টাগ্রামে ইতিমধ্যে ম্যানাসের শর্টকাট যোগ করার কাজ চলছে। এ ছাড়া “ভাইভস” নামে মেটার এআই ভিডিও ফিচারের জন্য ফ্রিমিয়াম মডেল চালু করা হবে। ব্যবহারকারীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত ভিডিও ফ্রি বানাতে পারবেন। অতিরিক্ত ভিডিও বানাতে চাইলে সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

ইনস্টাগ্রামের সম্ভাব্য কিছু সাবস্ক্রিপশন সুবিধার মধ্যে রয়েছে—

1.আনলিমিটেড অডিয়েন্স লিস্ট তৈরি

2.কে আপনাকে ফলো করছে না তার তালিকা দেখা

3.স্টোরি দেখলেও পোস্টদাতাকে অজানাতে রাখা অপশন

নতুন সাবস্ক্রিপশন “মেটা ভেরিফায়েড” থেকে আলাদা হবে। মেটা ভেরিফায়েড মূলত ক্রিয়েটর ও ব্যবসার জন্য, যেখানে থাকে ভেরিফায়েড ব্যাজ, সাপোর্ট এবং নিরাপত্তা সুবিধা। নতুন সাবস্ক্রিপশন সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত থাকবে।

মেটার লক্ষ্য হলো ব্যবহারকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করা এবং আয়ের নতুন পথ খুলে দেওয়া। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বর্তমানে বিভিন্ন সেবায় সাবস্ক্রিপশন বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের মধ্যে “সাবস্ক্রিপশন ক্লান্তি” দেখা দিতে পারে। মেটাকে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে প্রলোভনজনক ও শক্তিশালী অফার দিতে হবে।

শেয়ার করুন