শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন ঘিরে সব হাসপাতালের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনকালীন সময়জুড়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখাসহ মোট ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে। রোববার (২৫ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে বিভিন্ন প্রশাসনিক স্তরে মেডিক্যাল টিম গঠন করতে হবে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬টি, বিভাগীয় পর্যায়ে ৪টি, জেলা পর্যায়ে ৩টি, উপজেলা পর্যায়ে ২টি এবং ইউনিয়ন পর্যায়ে ১টি করে মেডিক্যাল টিম থাকবে। জনবল ও প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা স্বাস্থ্য প্রশাসক টিমের সদস্য নির্ধারণ করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে জরুরি বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব সময় অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।

এ ছাড়া হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কারণে প্রতিষ্ঠান প্রধান ছুটিতে থাকলে দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করতে হবে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়জুড়ে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখতে হবে।

রোগী রেফার্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান এবং রোগী ও স্বজনদের যথাযথ কাউন্সেলিং নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চিকিৎসাসেবা দিতে হবে। এ সময় জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিতভাবে খোলা রাখতে হবে।

পাশাপাশি বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়ে সার্বক্ষণিক ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন