নিজের স্পষ্টভাষিতা ও অভিনয়ের প্রতি আপসহীন মনোভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি নতুন একটি প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেছেন ইন্ডাস্ট্রির কিছু বাস্তবতা, পাশাপাশি নিজের দীর্ঘ ক্যারিয়ারের না-বলা আক্ষেপের কথাও।
স্বস্তিকার মতে, একজন শিল্পীর কাজ যদি যথাযথভাবে ফুটে ওঠে, তবে জনপ্রিয়তা বা অন্য কোনো বাহ্যিক হিসাব-নিকাশের প্রয়োজন পড়ে না। তিনি মনে করেন, অভিনয়ই হওয়া উচিত শিল্পীর একমাত্র পরিচয়।
নতুন কাজটি নিয়ে স্বস্তিকা জানান, বহু বছর ধরে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও এই ধরনের একটি চরিত্রে কাজ করার সুযোগ এবারই প্রথম। তার ভাষায়, এতদিনের ক্যারিয়ারে কেউ কখনো তাকে এভাবে ভাবেননি—যা একই সঙ্গে দুঃখজনক ও বিস্ময়কর।
তিনি বলেন, “আমি যে আপস করে কথা বলি না, সেটা হয়তো ইন্ডাস্ট্রি অনেক আগেই বুঝে গেছে।”
বর্তমান সময়ে কাস্টিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, তার তীব্র বিরোধিতা করেন স্বস্তিকা। তিনি স্পষ্টভাবে জানান, নতুন এই কাজটিতে যুক্ত হওয়ার আগে পরিচালক অভিরূপের কাছে একটি শর্ত রেখেছিলেন।
স্বস্তিকার কথায়, “আমি পরিষ্কার বলেছিলাম—যদি সোশ্যাল মিডিয়ায় কে কত ফলোয়ার আছে, সেটার ভিত্তিতে অন্য চরিত্রগুলো বাছাই করা হয়, তাহলে আমি এই কাজের অংশ হব না।”
তার বিশ্বাস, অভিনয় ঠিক থাকলে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। তিনি বলেন, “অভিনয়টা যদি ঠিকঠাক হয়, তাহলে বাড়তি কিছু দরকার পড়ে না। মনে হয়, ওরা বিষয়টা বুঝেছে। আমার কাছ থেকে যদি বাস্তবতায় পা রেখে কাজ করার মানসিকতা নিতে পারে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
স্বস্তিকার এই মন্তব্য ইতোমধ্যেই ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে আলোচনার জন্ম দিয়েছে।









