শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদা নয়, রঙিন ফুলকপিতেই বাড়তি পুষ্টির খোঁজ

শীত এলেই বাজার ভরে ওঠে ফুলকপিতে। পরিচিত সাদা ফুলকপির পাশাপাশি এখন সহজেই চোখে পড়ছে বেগুনি, কমলা ও হালকা সবুজ রঙের ফুলকপি। দেখতে আকর্ষণীয় হলেও এসব রঙিন ফুলকপি শুধু সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়—পুষ্টিগুণেও এগিয়ে রয়েছে বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা।

বিশেষজ্ঞদের মতে, রঙিন ফুলকপিতে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন থাকে, যা সাধারণ সাদা ফুলকপিতে তুলনামূলক কম। ফলে নিয়মিত খাদ্যতালিকায় এগুলো রাখলে শরীর পায় অতিরিক্ত সুরক্ষা।

প্রাকৃতিক রঙ, কৃত্রিম নয়

অনেকে মনে করেন, এসব ফুলকপির রং কৃত্রিম। বাস্তবে বিষয়টি একেবারেই তা নয়। রঙিন ফুলকপি আলাদা জাতের সবজি এবং তাদের রং সম্পূর্ণ প্রাকৃতিক। যেমন—বেগুনি ফুলকপির রং এসেছে অ্যান্থোসায়ানিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থেকে, যা ব্লুবেরি বা বেগুনেও পাওয়া যায়।

রং অনুযায়ী আলাদা উপকারিতা

কমলা বা হলুদ ফুলকপি বিটা-ক্যারোটিনে সমৃদ্ধ, যা শরীরে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়। চোখের দৃষ্টি ভালো রাখা, ত্বক ও হাড়ের গঠন মজবুত করতে এই উপাদান অত্যন্ত জরুরি।

বেগুনি ফুলকপির অ্যান্থোসায়ানিন শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষের ক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত গ্রহণ করলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের ঝুঁকি কমাতেও সহায়তা করে এসব রঙিন সবজি।

এ ছাড়া ফাইবারসমৃদ্ধ হওয়ায় হজমের সমস্যা কমায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। কিছু গবেষণায় দেখা গেছে, রঙিন ফুলকপি ক্যানসার সৃষ্টিকারী ক্ষতিকর কোষ দমনেও ভূমিকা রাখতে পারে।

রান্না সহজ, স্বাদ পরিচিত

রান্নার দিক থেকে রঙিন ও সাদা ফুলকপির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ভাজি, তরকারি, স্যুপ কিংবা বেক—সবভাবেই ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত সেদ্ধ করলে রং ও পুষ্টি নষ্ট হতে পারে। হালকা স্টিম বা কম আঁচে রান্না করলে পুষ্টিগুণ ভালোভাবে বজায় থাকে।

একই সবজিতে রং ও পুষ্টির ভিন্নতা আনতে চাইলে রঙিন ফুলকপি হতে পারে দারুণ সংযোজন। স্বাদে পরিচিত, কিন্তু পুষ্টিতে আরও এক ধাপ এগিয়ে—রান্নাঘরেও এনে দেয় নতুনত্ব।

শেয়ার করুন