সরকারি চাকরিজীবীদের জন্য সামনে টানা চার দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন ছুটি নিতে পারলেই এই দীর্ঘ ছুটির সুযোগ মিলবে।
সরকার ঘোষিত ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয়েছে।
যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত পালিত হয়, সে ক্ষেত্রে ওই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এরপর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে পরপর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট চার দিনের টানা ছুটি পাওয়া যাবে।
অর্থাৎ, পরিস্থিতি অনুকূলে থাকলে সরকারি চাকরিজীবীরা ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত একটানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শবে বরাত উপলক্ষে ঘোষিত ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করবে। চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।





