শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দল-মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দলীয় প্রভাবমুক্ত, সুষ্ঠু ও ত্রুটিহীন নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (১৪ জানুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিসেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এ কারণে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন বা দুষ্কৃতিকারীরা যেন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে না পারে এবং কোনো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এ নির্বাচন ঘিরে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যেন পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ না ওঠে, সে জন্য সবাইকে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) নির্বাচনী দায়িত্ব পালনে আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে বলেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

অপরদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের আগেভাগেই শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন