শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ডেনিম ও ফেব্রিক শো

রাজধানী ঢাকায় আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ডেনিম শো–২০২৬। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

মেলায় ১৫টিরও বেশি দেশের প্রায় ২৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ২৫০টির অধিক বুথে সুতা, ফেব্রিক, ডেনিম, জিন্স ও সংশ্লিষ্ট আনুষাঙ্গিক পণ্যের সর্বশেষ উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শিত হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের অধিভুক্ত দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি (সিসিপিআইটি টেক্স চায়না) যৌথভাবে এ আয়োজন করছে।

আয়োজকরা জানান, ২৪ বছরের ধারাবাহিকতায় এবছর একযোগে অনুষ্ঠিত হবে ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ – উইন্টার এডিশন এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

তারা আরও জানান, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফেব্রিক, ট্রিমস ও আনুষঙ্গিক পণ্যের বাজার সম্প্রসারণে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, বৈশ্বিক ডেনিম ও জিন্স শিল্পের শীর্ষস্থানীয় নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের ডেনিম খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও তুলে ধরাই ডেনিম শোর মূল লক্ষ্য।

এই প্রদর্শনী সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন’-এর অংশ, যা বাংলাদেশসহ ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় নিয়মিত আয়োজন করা হয়ে থাকে। দক্ষিণ এশিয়ার টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের বিকাশে এ সিরিজ ইতোমধ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন সিসিপিআইটি টেক্স-এর সেক্রেটারি জেনারেল চেন বো। একইভাবে ভিডিও কনফারেন্সে অংশ নেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার শরিফুল হক।

শেয়ার করুন