ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি অবশেষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটালেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, তিনি আর সিঙ্গেল নন; বরং তিনি এনগেজড।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের একটি পডকাস্টে কথা বলতে গিয়ে পূজা বলেন, এই প্রথমবার তিনি বিষয়টি প্রকাশ্যে বলছেন। এতদিন নিজেকে সিঙ্গেল বললেও বাস্তবে তিনি সিঙ্গেল ছিলেন না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদল বা এনগেজমেন্ট অনুষ্ঠান হয়নি।
পূজা চেরি জানান, তার হবু জীবনসঙ্গী মিডিয়া জগতের কেউ নন। তিনি স্পষ্ট করে বলেন, নিজের পেশার মানুষের প্রতি তার খুব বেশি আস্থা নেই বলেই মিডিয়ার বাইরের কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান জানাতে গিয়ে এই অভিনেত্রী বলেন, তিনি সংসারমুখী মানুষ এবং ভবিষ্যৎ দাম্পত্য জীবনকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান। তার ইচ্ছা, জীবনে যেন ‘ডিভোর্স’ শব্দটি কখনো না আসে। সংসার টিকিয়ে রাখতে প্রয়োজন হলে তিনি অভিনয় ছেড়েও দিতে প্রস্তুত বলে জানান।
তিনি আরও বলেন, অভিনয় তার ভালোবাসা ও শখের জায়গা। এই জায়গায় পৌঁছাতে তাকে এবং তার মাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। তবুও সংসারকে অগ্রাধিকার দিতে হলে তিনি মিডিয়া থেকে সরে দাঁড়াতেও রাজি।
বিয়ের বিষয়ে পূজা বলেন, মানসিকভাবে প্রস্তুত হলেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং সেটি সবার সামনে জানিয়েই করবেন। তার মতে, তার সঙ্গী অত্যন্ত সহযোগিতামূলক এবং তাকে নিজের ইচ্ছামতো কাজ করার স্বাধীনতাও দিয়েছেন।
উল্লেখ্য, পূজা চেরি ইতোমধ্যে চলচ্চিত্র ক্যারিয়ারের আট বছর পার করেছেন। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’। এতে প্রথমবারের মতো অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তিনি। নতুন সিনেমার প্রচারণার মাঝেই নিজের ব্যক্তিগত জীবনের এই তথ্য প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।









