শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট ও মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর বিষয়ে সরকারের আগের নির্দেশনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশন-এর প্রস্তুত করা ম্যানুয়ালের ভিত্তিতে এই কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ আপাতত কার্যকর থাকছে না।

শনিবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়-এর জনসংযোগ শাখা থেকে পাওয়া এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গত ১১ মার্চ এ সংক্রান্ত নির্দেশে সই করেছেন।

এতে উল্লেখ করা হয়, গত ৫ মার্চ জারি করা স্মারকে মাউশির আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট ও মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।

এর আগে ৮ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচির আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণের আয়োজনের কথাও বলা হয়েছিল।

নির্দেশনায় আরও বলা হয়েছিল, প্রশিক্ষণের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করতে হবে। এই পুলের সদস্যরা শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন তদারকি করবেন। পাশাপাশি স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস-এর সহায়তায় স্কুল পর্যায়ে স্কাউট এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউট সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার কথাও উল্লেখ ছিল।

তবে উদ্যোগটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত মাউশি আগের নির্দেশনাটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

শেয়ার করুন